পিরোজপুরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ মো. মিরাজ শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মিরাজ শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশ সুপার জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের পশ্চিম ডুমুরিতলা গ্রামের মিরাজ শেখের বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর নিজ দখল থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। পরে মাদকগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার মিরাজ শেখ পশ্চিম ডুমুরিতলা গ্রামের মৃত আবুয়াল শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, মিরাজ শেখের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি এজাহারভুক্ত আসামি।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মিরাজ শেখ ও উদ্ধার করা মাদকদ্রব্য বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
পড়ুন : সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ
সা/


