সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে অভিযোগটি দাখিল করেন রুনির ভাই নওশের রোমান।
অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন। তবে দীর্ঘ ১৪ বছরেও একাধিক তদন্ত সংস্থা এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর সংশ্লিষ্ট থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব তদন্তে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পিবিআই তদন্ত করলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি।
এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অভিযোগটি রেজিস্টারভুক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
পড়ুন: আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু, কমবে লোডশেডিং
আর/


