বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : হুইপ বকুল

বিজ্ঞাপন

খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তিনি বলেছেন, অতীতেও খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। তখন বিএনপি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। এবারও সমন্বিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব হবে।

একই সঙ্গে পিছিয়ে পড়া খুলনাকে আবারও দেশের অন্যতম সমৃদ্ধ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। হুইপ বকুল বলেন, একসময় শিল্পনগরী হিসেবে খুলনার যে ঐতিহ্য ও সম্ভাবনা ছিল, তা ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে।

রবিবার সকালে খুলনার খালিশপুর প্লাটিনাম জুট মিলের অফিসার্স ক্লাবে খুলনা-৩ সংসদীয় এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুইপ বকুল বলেন, দীর্ঘদিনের ভুলনীতি, লুটপাট ও দলীয়করণের কারণে খুলনার শিল্পকারখানা বন্ধ হয়েছে, কর্মসংস্থান কমেছে এবং এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাধাগ্রস্ত হয়েছে। শুধু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়নি, এর সঙ্গে হাজারো মানুষের জীবিকা ও ভবিষ্যতের সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পিছিয়ে পড়া খুলনাকে আবার তার আগের অবস্থানে ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্মকে আধুনিক, বিজ্ঞানমনস্ক ও কর্মমুখী শিক্ষা দিতে হবে। গতানুগতিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি হাতে-কলমে ও উৎপাদনমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষ শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের শিল্প,অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ প্রসঙ্গে হুইপ বকুল বলেন,এটি শুধু একটি উপহার নয়। শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ এগিয়ে নিতে ভালোবাসা ও সহযোগিতার প্রতীক হিসেবে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হুইপ বকুল। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। নতুন করে যাতে ডেঙ্গুতে কোনো মানুষের মৃত্যু না হয় সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে অনুষ্ঠানে খুলনা-৩ সংসদীয় এলাকার ২০ জন ছাত্র ও ১০ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেন হুইপ রকিবুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনসহ সাইকেল পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা।

পড়ুন:কুষ্টিয়ার কুমারখালীতে ২ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন