ঘড়িতে তখন সকাল সাড়ে ৯টা। বিতর্ক উৎসব শুরু হবে ঠিক ১০টায়। অতিথি ও সুহৃদের সদস্যরাও সবাই এসে পোঁছায়নি। হলরুমে চলছে বিতর্ক উৎসবের সাজ সজ্জা। বিচারকদের জন্য প্রস্তুত করা হচ্ছে আসন ও বিচারক, মডারেটর লেখা নেমপ্লেট। এরই মধ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সব বিতার্কিক হাজির। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এসে সমবেত হতে থাকে ক্ষুদে বিতার্কিকরা। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে একে একে উৎসব স্থলে বিতার্কিকদের সঙ্গে এসেছিলেন শিক্ষকরাও। নির্ধারিত সময় ১০টা বাজতেই উৎসবমুখর পরিবেশ শুরু হয় ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মিলানায়তন। ।
বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের সবচেয়ে বড় বিজ্ঞান কিতর্ক উৎসব আসরের উদ্বোধন হয়েছে নীলফামারীতে। এতে চ্যাম্পিয়ন হয়েছে আলফারুক একাডেমী।
১৩ সেপ্টেম্বর দিনব্যাপী বিতর্ক উৎসবে মেতেছিল মোট ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর উদ্বোধন করেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের সভাপতি মো. শাহীন আক্তার, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক এমআর আলম ঝন্টু, নাগরিক টেলিভিশনের সাংবাদিক সাদিকুল ইসলাম সাদিক। সার্বিক তত্বাবধানে ছিলেন সমকালের নীলফামারী জেলা প্রতিনিধি ও বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা সমন্বয়ক আমিরুল হক। মডারেটর হিসেবে ছিলেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ত কলেজের শিক্ষক ও আজকের পত্রিকার সাংবাদিক রেজা মাহমুদ। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন সৈয়দপুর মহিলা কলেজেন প্রভাষক ও নারী উদ্যোক্তা শিউলি বেগম, সৈয়দপুর বিজ্ঞান কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সায়েম ও বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক ও আলফারুক একাডেমীর সহকারী শিক্ষক মামুনুর রহমান।
বিতর্কে অংশ নেয়া দলগুলো ছিল সৈয়দপুর বিজ্ঞান কলেজ, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, আদর্শ মহিলা স্কুল এন্ড কলেজ, আলফারুক একাডেমী, সৈয়দপুর ইন্টান্যাশনাল স্কুল ও তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বিতর্ক উৎসব চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। একে একে ৮টি দল পক্ষে-বিপক্ষে তাদের যুত্তি তলে ধরেন।
দীর্ঘ বিতর্কের পর বিচারকের রায়ে আলফারুক একাডেমী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলে অংশ নেয় আব্দুল্লাহ দানিয়ান, আতিক হাসান ও হানজলা সৈকত। এতে রানার্স আপ হয়েছে সৈয়দপুর বিজ্ঞান কলেজ। এতে অংশ নেয় রোহামা সুলতানা, নুসাইবা নাওয়ার ও ইমানা শাহরিন। এছাড়াও সেরা বক্তা হয়েছে চ্যাম্পিয়ন দলের আব্দুল্লাহ দানিয়ান।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
পড়ুন : ডিবি ওসিকে প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম পাবনায় রাজপথে সাংবাদিকরা


