দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আজান, কোরআন তেলাওয়াত ও ইমামতির মাধ্যমে পশ্চিম প্রতাবী এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন হাফিজ আহমদ আলী হুজুর। দীর্ঘদিনের সেই দায়িত্ব থেকে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে তাঁকে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পশ্চিম প্রতাবী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয় এই বিদায়ী সংবর্ধনার। এতে অংশ নেন মসজিদের মুসল্লি, তাঁর ছাত্র, এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজ আহমদ আলী। দীর্ঘ সময়ে তিনি শুধু নামাজের ইমাম হিসেবেই নয়, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার পাঠ দিয়ে মানুষের কাছে হয়ে ওঠেন আপনজন।
বিদায়ী অনুষ্ঠানে ফুলের মালা পরিয়ে ও ভালোবাসায় সিক্ত করে সম্মান জানানো হয় প্রিয় ইমামকে। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক মুসল্লি ও তাঁর ছাত্ররা। স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে দীর্ঘদিনের নানা স্মৃতি ও তাঁর অবদানের কথা।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, নাতে রাসুল ও মানপত্র পাঠ করা হয়। বক্তব্য দেন তাঁর ছাত্র, পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং আলেম-উলামারা।
বক্তারা বলেন, একজন ইমামের দায়িত্ব শুধু নামাজ পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, নৈতিকতার শিক্ষা দেওয়া এবং সমাজকে সঠিক পথে পরিচালনায় ভূমিকা রাখাও একজন ইমামের দায়িত্ব। হাফিজ আহমদ আলী দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আহসান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন হিংগাজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মুন্তাকিম।
বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে প্রিয় ইমামকে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে গাড়িবহরসহকারে তাঁর বাড়িতে পৌঁছে দেন মুসল্লি, শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় পুরো পথজুড়ে ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগঘন পরিবেশ।
শেষে হাফিজ আহমদ আলী হুজুরের সুস্থতা, দীর্ঘায়ু ও আগামী দিনের সুন্দর জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের দায়িত্ব শেষ হলেও পশ্চিম প্রতাবীর মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ও স্মৃতি যে সহজে শেষ হওয়ার নয়—বিদায়ের অশ্রুসিক্ত মুহূর্ত আর ভালোবাসায় ভরা গাড়িবহর যেন তারই প্রমাণ।
পড়ুন : ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
সা/


