একটির পর একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। শিল্পকারখানার পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমিতেও চুরির অভিযোগ উঠছে নিয়মিত। এবার বাড়বকুণ্ডের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় হানা দিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে কারখানা থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ তামার তার লুটের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, বোরখা পরা ১০-১২ জনের একটি দল দেশি-বিদেশি অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করে। প্রথমে দায়িত্বে থাকা পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলা হয়। এরপর অফিসকক্ষ ও স্টোররুমে তল্লাশি চালিয়ে প্রায় দুই থেকে আড়াই টন তামার তার এবং নগদ পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লুট হওয়া তামার তারের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে একই এলাকার আরেকটি চুরির ঘটনা। মাত্র দুই রাত আগে জেএমআই এলপিজি কারখানা থেকেও বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়। কাছাকাছি সময়ে দুটি শিল্পপ্রতিষ্ঠানে এমন ঘটনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরাধের বিস্তৃতি এখন শুধু শিল্পকারখানায় সীমাবদ্ধ নেই। বিভিন্ন বসতবাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার, ক্ষেতখামারের ফসল ও শাকসবজিও চুরি হচ্ছে। এসব ঘটনায় স্থানীয় চোরচক্রের পাশাপাশি মাদকসেবী, জুয়াড়ি ও বাইরের এলাকার অপরাধীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর প্রশ্ন, শিল্পকারখানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তাকর্মী থাকার পরও কীভাবে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে এত বিপুল পরিমাণ মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেল? ধারাবাহিক এসব ঘটনায় রাতের নিরাপত্তা ও পুলিশি নজরদারির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।
এদিকে ঘটনার পর শিল্প পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।
ইউরো গ্যাস কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক তোহিদ মুঠোফোনে বলেন, রাতে কারখানায় ডাকাতির ঘটনায় অভিযোগ দিতে থানায় এসেছেন। বিস্তারিত পরে জানাবেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় চার থেকে পাঁচজনকে বোরখা পরা অবস্থায় দেখা গেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, প্রায় দুই থেকে আড়াই টন তামার তার, যার বাজারমূল্য ২০ লাখ টাকা, এবং নগদ পাঁচ লাখ টাকা লুট হয়েছে। দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিল্পাঞ্চলে একের পর এক চুরি-ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
পড়ুন : মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে কেউ পার পাবে না : ঝিনাইদহে আইনমন্ত্রী


