ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
আটকরা হলেন—নূর ইসলাম ও রাসেল। তারা নোয়াখালীর বাইজদি ইউনিয়নের খলিলপুর এলাকার বাসিন্দা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার বাঘার হাওলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : সিলেটে হাম উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যু
সা/


