ঢাকার ধামরাই উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের এক গণিত শিক্ষকের বিরুদ্ধে গভীর রাতে এক ছাত্রীর বাড়িতে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা ও জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গেছে।
অভিযোগ ওঠা ওই শিক্ষক হলেন কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক হান্নান হোসেন। স্থানীয়দের দাবি, গতকাল রাতে তিনি ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে এলাকায় গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী তাকে আটক করে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই ছাত্রী আগে হান্নান হোসেনের কাছে পড়াশোনা করত। সে সময় থেকেই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অসঙ্গত আচরণের অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, এর আগেও ওই শিক্ষক ওই এলাকায় এসেছিলেন। তবে তখন স্থানীয়রা তাকে আটক করতে পারেননি।
স্থানীয়দের উপস্থিতিতে শিক্ষক ও ওই ছাত্রীকে মুখোমুখি করে বিষয়টি জানার চেষ্টা করা হয়। এ সময় ওই ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন বলে স্থানীয়রা জানান। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, তার মেয়ে ওই শিক্ষকের কাছে পড়াশোনা করত। তখন থেকেই শিক্ষকের আচরণ নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ছিল। ভবিষ্যতে কোনো শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ যেন না ওঠে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে শিক্ষক হান্নান হোসেনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তারা শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছেন। অভিযোগের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, এ ধরনের ঘটনায় বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগটি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পড়ুন : মঙ্গলবার এক দিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
সা/


