গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের রশিদুল (৩১), একই উপজেলার বাগদরিয়া গ্রামের অপু মিয়া (২৭), মাদারদহ গ্রামের ফারুক মিয়া (৩০), দিকবাড়ি গ্রামের আনজু মিয়া (৪০) এবং বগুড়া সদর উপজেলার সরলপুর গ্রামের খোকন মিয়া (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে চন্দ্রা এলাকায় একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা বহাল
সা/


