গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় অনুমোদনহীন দুটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় একটি কারখানাকে এক লাখ টাকা এবং অপর একটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় নুর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানার প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই করা হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকায় কারখানাটির মালিক নুরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই এলাকায় ময়লা-আবর্জনা থেকে প্লাস্টিকজাত পণ্য তৈরির অপর একটি কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ইমরাইন হোসেন নামে একজনকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লতিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই প্লাস্টিকজাত পণ্য তৈরির কার্যক্রম চলছিল। এসব কারখানা থেকে নির্গত বর্জ্য ও দুর্গন্ধের কারণে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি আশপাশের বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।
অভিযান শেষে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, “বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় কারখানাগুলোতে জরিমানা করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। অবৈধ ও অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পড়ুন : মুন্সীগঞ্জে ৩১ জন আটক, স্বজনদের দাবি ঘুরতে যাচ্ছিলেন তাঁরা


