নেত্রকোনার বারহাট্টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ট্যাপেন্টাডল (১০০ মি.গ্রা.) ট্যাবলেটসহ কিরণ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কিরণ মিয়া বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের মইচ উদ্দিন ও রোকেয়া বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বারহাট্টা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নৈহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে এক ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দলটি সেখানে দ্রুত উপস্থিত হয়ে সন্দেহভাজন কিরণ মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একশো মিলিগ্রামের ৯০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ওসি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মামলার প্রাথমিক কাজ শেষে আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
সা/


