ফরিদপুরের কানাইপুরে হাসান শেখ হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে মরদেহ গুমের চেষ্টার অভিযোগে দণ্ডবিধির ২০১ ধারায় আরও সাত বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ফরিদা বেগম, ফারুক বিশ্বাস, চান্দু শেখ ও শাহজাহান মাতুব্বর। তাদের মধ্যে তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। ফরিদা বেগম পলাতক রয়েছেন। পরে উপস্থিত তিন আসামিকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ২০১৮ সালের ৯ থেকে ১৩ মে’র মধ্যে কানাইপুরের ঝাউখোলা এলাকায় হাসান শেখকে হত্যা করা হয়। পরে তার মরদেহ বস্তায় ভরে আখক্ষেতে ফেলে রাখা হয়। ১৩ মে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ তা উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মো. আজিজুর রহমান বিকু জানান, চার আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
পড়ুন : অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
সা/


