দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর সঙ্গে সংহতি জানিয়ে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, চত্বর ও ভবনের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনটির নেতাকর্মীরা।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজন নিজ নিজ দায়িত্বে ক্যাম্পাস পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই আবাসিক হল, বিভাগ, অফিস কক্ষ ও আশপাশের এলাকায় কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। এডিস মশা দিনের বেলায় বেশি সক্রিয় থাকায় এ সময় মশার কামড় থেকে সুরক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ভাইস চ্যান্সেলর আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়; শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবার সম্মিলিত দায়িত্বের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সম্ভব।
ছাত্রদলের ইবি শাখার আহ্বায়ক মাসুদ রুমি মিথুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড.মো: ইদ্রিস আলী।
এ সময় ছাত্রদলের ইবি শাখার সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : র্যাব যেভাবে বিলুপ্ত হলো, এসআরবি গঠনের গেজেট প্রকাশ
সা/


