নেত্রকোনার দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশের পরিচালিত অভিযানে সাহান মিয়া (২৮) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সাহান মিয়া নেত্রকোনার দুর্গাপুর থানার পূর্ব নন্দের ছুটি গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করেন। এর পরপরই তাকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টা ধরে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে আকস্মিক ও সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। চলমান এ অভিযানে মাদক সেবনরত অবস্থায় সাহান মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশের চৌকস একটি দল।
আটকের পর তাকে দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর সামনে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ আরও জানান, মাদক ও অপরাধমুক্ত একটি সুস্থ সমাজ গঠনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনস্বার্থে এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
পড়ুন : কেন্দুয়ায় তাণ্ডব, হাওরের বেড়িবাঁধ ও নদীর পাড় কেটে সাবাড়


