কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (IIER)-এর ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত
হয়েছে।
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। একজন শিক্ষক যদি কেবল বেতন-ভাতাকে পেশাগত জীবনের প্রধান বিবেচনা করেন, তাহলে তার মাধ্যমে দক্ষ, নৈতিক ও কর্মমুখী নাগরিক গড়ে তোলা কঠিন। পৃথিবীর বহু মনীষী ও জ্ঞানী মানুষ কোনো বস্তুগত স্বার্থের বিনিময়ে নয়, বরং সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের অবদান রেখে গেছেন। তাদের সেই নিঃস্বার্থ অবদানের ধারাবাহিকতাতেই আজকের সভ্য সমাজ গড়ে উঠেছে।
তিনি আরো বলেন, তাই শিক্ষকতাকে গ্রহণ করতে হবে ভালোবাসা, দায়িত্ববোধ ও নিবেদিতপ্রাণ মানসিকতা নিয়ে। শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় অসদুপায় পরিহার এবং অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণ বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ—একজন আদর্শ শিক্ষকের মৌলিক দায়িত্ব। আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা নয়; বরং অল্পসংখ্যক শিক্ষার্থীকেও যথাযথভাবে প্রশিক্ষিত করে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমি সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মানকে বেশি গুরুত্ব দিতে চাই।
ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী।
এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাক্রম, একাডেমিক কার্যক্রম, শিক্ষা পরিবেশ ও ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব, নিয়ম-কানুন ও একাডেমিক অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার বিষয়টিও অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (IIER) ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের মাধ্যমে শিক্ষকতা ও শিক্ষা-সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।
পড়ুন : ভোট বন্ধের ক্ষমতা পাবে ইসি, প্রার্থীর জামানত বাড়ছে পাঁচ গুণ
সা/


