কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক এম এ উল্লাসের উপর সন্ত্রাসী হামলার হয়েছে। তিনি বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি হিসেবে কর্মরত। আজ শনিবার দুপুরে কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়ায় একটি রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে সেটির কাজ বন্ধ করে দিয়েছিলো প্রশাসন। আজ আবারও ঠিকাদারের শ্রমিকরা কাজ শুরু করলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গিয়ে কাজ বন্ধ করে দেন। পরে ২০/২৫ জনের একটি দল ওই সাংবাদিক ভায়ের উপর হামলা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে আনে।
উপজেলা নির্বাহী অফিসার কুমারখালী উপজেলা ফারজানা আখতার বলেন, অনিয়মের অভিযোগে ওই রাস্তার কাজ বন্ধ করা হয়েছিল। বিনা অনুমতিতে ঠিকাদার আবারও কাজ শুরু করলে সেখানে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেই। আমি চলে আসার পর এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার কথা শুনেছি।
এদিকে অভিযোগ উঠেছে, কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক উল্লাসের উপর হামলা চালিয়ে মারাত্মক যখম করেছে।
এই অভিযোগের ব্যাপারে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন বলেন, আমি আজ বাড়ি থেকেই বের হইনি। সাংবাদিকের উপর হামলার কথা আপনার কাছে শুনলাম, আর সাংবাদিক উল্লাস আমার দূর সম্পর্কের চাচা হন।
পড়ুন:চুয়াডাঙ্গায় মাদকসহ ৮১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ
ইমি/


