নীলফামারীতে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সরকারের সঞ্চালনায় সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দ্রুত তাদের ৭ দফা দাবি মেনে নিয়ে দলিল লেখকদের কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে উপস্থাপিত দলিল লেখকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৫ হাজার টাকা নির্ধারণ, এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কারও মাধ্যমে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রি করার জন্য দাখিল নিষিদ্ধ করা।
এছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে কার্যালয়গুলোতে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করা, জমি ক্রেতা-বিক্রেতার সরবরাহকৃত কাগজপত্রের ভুলের কারণে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদানের জোর দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এই ন্যায্য দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন।
পড়ুন:মদনে পুলিশের পৃথক অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ইমি/


