ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিএনপি।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার কাজীবাড়ি খালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় খাল ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বিএনপির নেতাকর্মীরা। পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “বিএনপির কোনো নেতাকর্মীর অবৈধ দখল থাকলে সেটি আগে উচ্ছেদ করতে হবে।”
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কাজ করার জন্য প্রস্তুত। আজ এক অংশ পরিষ্কার করা হচ্ছে, আবার বিএনপির অন্য নেতারা অন্য অংশের কাজের উদ্বোধন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বেচ্ছাশ্রমে খাল খননের কর্মসূচির আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে যেতে চায়।
অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, অবৈধ দখলের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিএনপির কোনো নেতাকর্মীর দখল থাকলেও তা উচ্ছেদ করতে হবে দলের শীর্ষ নেতৃত্বের এমন নির্দেশনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার আঙিনা, আমি পরিষ্কার রাখব’ এই আহ্বান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিজ আঙিনা পরিষ্কার রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে সুপারিশ করা হবে।
কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।
পড়ুন : কালাইয়ে জিয়া সাইবার ফোর্সের ৭১ সদস্যের কমিটি গঠন


