বগুড়ায় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে রোগী নিয়ে পাঁচজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাতের মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন।
ওসি রইচ উদ্দিন বলেন, আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে তাদের পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের পেছনে পাথরবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হন। এছাড়া সদর উপজেলায় বাসের ধাক্কায় এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় ট্রাক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পাথরবোঝাই ট্রাকের চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) এবং একই এলাকার হেলপার ইমরান (৩০)।
হাইওয়ে পুলিশ জানায়, পাকুরতলা এলাকায় রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বগুড়া সদরে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে চারমাথা গোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন জেলার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা। তিনি সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চারমাথা এলাকার আলিবাবা হোটেলের সামনে রাস্তা পার হচ্ছিলেন আনোয়ার হোসেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
পড়ুন : সাভারে পার্কিং করা বাসে আগুন
সা/


