বরগুনার তালতলী উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমতিয়াজ ইমন নয়ন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার শহরের কলাবাগান এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমতিয়াজ ইমন নয়ন বেপারী একই এলাকার শাহজাহান বেপারীর ছেলে এবং তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ বরগুনা জেলা আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ২০১৮ সালে উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি। অন্যদিকে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “একটি পূর্বের মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।”
পড়ুন : ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু- ইকোনমি: শিক্ষামন্ত্রী
সা/


