জয়পুরহাটের কালাইয়ে অভিযান চালিয়ে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর হোসেন (২০) নামে এক তরুণ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকাল ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ আসাদুজ্জামান। এর আগের দিন রাত ১০টায় কালাই পৌরসভার পুলিশ প্লাজা সুপার মার্কেট এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাগর হোসেন কালাই থানার থুপসারা গ্রামের শাহারুল ইসলামের ছেলে।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ও আব্দুল্লাহ নোমানের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। দলটিতে আরও ছিলেন এএসআই সাজেদুল ইসলাম, এএসআই সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাগরকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে অবৈধ ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ডিবি সদস্যরা।
ওসি মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: তেলের দামে বাজার-গণপরিবহনে অস্থিরতা, চাপে জনজীবন
আর/


