গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক ইনকিলাব ও বাংলা টিভির উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ বন বিভাগের কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জের চন্দ্রা বন বিটের আওতাধীন হরতকিতলা মৌজায় সিএস ৭৫ ও আরএস ১০৯ দাগে ০.৮০ একর জমির একটি উডলট বাগান রক্ষণাবেক্ষণের জন্য ২০০৭ সালে তাকে উপকারভোগী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি ওই সময় বাগানটির রক্ষণাবেক্ষণসহ দায়িত্ব যথাযথভাবে পালন করেন বলে দাবি করেন।
তার ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে ২০২০-২০২১ সালে সৃজিত বাগানের উপকারভোগী হিসেবেও তাকে ২৭ নম্বর প্লটে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি ওই বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন বলে জানান।
আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, তার দায়িত্বে থাকা উডলট বাগানের গাছ নষ্ট করে জায়গাটি দখলের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তিনি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার পাশাপাশি আইনগতভাবে প্রতিবাদ করেন। এরপর থেকেই একটি মহল তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে যেসব প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোর তিনি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ারত হোসেন বলেন, বন বিভাগের একটি প্লট দেখাশোনার দায়িত্ব সাংবাদিক আব্দুল মান্নানকে দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেলায়েত হোসেন বলেন, মানববন্ধনটি তিনি এককভাবে আয়োজন করেননি। এলাকার কিছু লোকজন এটি আয়োজন করেছিলেন এবং তিনি তাদের সঙ্গে ছিলেন বলে জানান।
এ বিষয়ে কালিয়াকৈর চন্দ্রা বন বিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, সাংবাদিক আব্দুল মান্নানকে বন বিভাগের একটি উডলট বাগানের প্লট দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই প্লট নিয়ে কিছু সমস্যা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, বন বিভাগের জমিতে গাছ নষ্ট করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হলে তা আইনসঙ্গত নয়। তিনি বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
প্রতিবাদ সভা শেষে সাংবাদিক আব্দুল মান্নান বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
সভায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পড়ুন:কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
ইমি/


