লা লিগায় নিরপেক্ষ নেতৃত্ব চায় রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ ডার্বির উত্তাপ এখনো কাটেনি। আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগের জবাব দিতে গিয়ে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের মন্তব্যে দুই পক্ষের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। এবার তেবাসের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির দাবি, লা লিগার নেতৃত্বে এখন একজন নিরপেক্ষ ব্যক্তি প্রয়োজন।

বিজ্ঞাপন

ডার্বির রেফারিং নিয়ে রিয়ালের ক্ষোভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান তেবাস। রিয়ালের অফিশিয়াল সম্প্রচারমাধ্যম ‘রিয়াল মাদ্রিদ টিভি’কে তিনি ‘দ্য রেজিমস টেলিভিশন’ বলে উল্লেখ করেন। পাশাপাশি রেফারিং নিয়ে রিয়ালের অভিযোগের বিষয়েও কটাক্ষ করেন তিনি।

তেবাসের মন্তব্যের পর মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে কঠোর প্রতিক্রিয়া জানায় রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অভিযোগ, লা লিগা সভাপতি তার প্রাতিষ্ঠানিক পদ ব্যবহার করে নিয়মিত রিয়ালকে আক্রমণ ও হেয় করছেন।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘স্প্যানিশ লিগ অ্যাসোসিয়েশনের সভাপতি তার প্রাতিষ্ঠানিক পদের অপব্যবহার করে প্রতিটি বক্তব্যে যেভাবে রিয়াল মাদ্রিদকে খাটো করার চেষ্টা করছেন এবং আক্রমণ চালিয়ে যাচ্ছেন, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

ক্লাবটি আরও বলেছে, ‘লা লিগার সব কটি ক্লাবের স্বার্থ রক্ষা ও প্রতিনিধিত্ব করার দায়িত্বে থাকা একজন ব্যক্তি কীভাবে রিয়াল মাদ্রিদকে নিয়ে এতটা আচ্ছন্ন হয়ে আছেন এবং ক্রমাগত আমাদের ক্লাবকেই তার সাধারণ আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু বানিয়ে রেখেছেন, তা অত্যন্ত উদ্বেগজনক।’

একজন সাংবাদিকের লেখা নিয়ে মন্তব্য করতে গিয়ে তেবাস যেভাবে রিয়াল মাদ্রিদকে আক্রমণ করেছেন, সেটিরও সমালোচনা করেছে ক্লাবটি। রিয়ালের ভাষায়, দায়িত্বশীল একজন কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ ‘গুরুতর, বিস্ময়কর ও অশোভন’। একই সঙ্গে রিয়ালের খেলাধুলাসংক্রান্ত কৌশল ও পরিকল্পনা নিয়ে তেবাসের মন্তব্যকে ‘চরম দায়িত্বজ্ঞানহীনতা’ বলে উল্লেখ করেছে তারা।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ আরও বলেছে, প্রতিযোগিতার নিরপেক্ষতা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা বাড়ানোর দিকে লা লিগা সভাপতির মনোযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু এর পরিবর্তে নিজের পদ ও ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রিয়ালের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ক্লাবটি।

রিয়ালের মতে, তেবাসের এমন আচরণ শুধু ক্লাবটির জন্য নয়, বিশ্বজুড়ে স্প্যানিশ ফুটবল ও লা লিগার ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।

বিবৃতির শেষ দিকে লা লিগার নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানায় রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন ধরে চলা ‘অনুচিত ও পক্ষপাতমূলক আচরণের’ পরিপ্রেক্ষিতে স্পেনের পেশাদার ফুটবলে এমন একজন নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তার প্রয়োজন বলে মনে করে ক্লাবটি, যিনি প্রতিযোগিতার মৌলিক নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবেন।

রিয়ালের ভাষায়, ‘আমাদের এখন এমন একজনকে প্রয়োজন যিনি নিজের পদের মর্যাদা ও সীমানা বোঝেন। কারণ, লা লিগার সভাপতি এই প্রতিযোগিতার মালিক নন; বরং যেসব ক্লাবের আস্থায় তিনি দায়িত্ব পেয়েছেন, তিনি তাদেরই একজন পরিচালক মাত্র। তাই এমন একজন মানুষই আমাদের দরকার যিনি সততার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন।’

তেবাস ২০১৩ সাল থেকে লা লিগার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ মেয়াদে নির্বাচিত হন তিনি। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার দীর্ঘদিনের মতবিরোধের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আদালতেও দুই পক্ষের বিরোধ হয়েছে। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে লা লিগার মন্তব্য জানতে চাওয়া হয়েছে।

পড়ুন : আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ, মেসির বিশেষ জার্সি প্রকাশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন