জয়পুরহাটের সদর উপজেলায় রাতের আঁধারে এক দরিদ্র কৃষকের দেড় বিঘা জমির ৭০০টি ফলন্ত কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গতনশহর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের নাম নূর মোহাম্মদ (৩৬)। তিনি সদর উপজেলার পুরানাপৈলের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় বুধবার বিকেলে তিনি জয়পুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সুত্র জানায়, বিভিন্ন এনজিও এবং পরিচিতদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ওই কলাবাগান গড়ে তুলেছিলেন নূর মোহাম্মদ। বাগানের প্রায় প্রতিটি গাছেই থোড় ও কাঁচা কলা ঝুলছিল।
ক্ষতিগ্রস্ত কৃষক নূর মোহাম্মদ জানান, গত বছর কলা চাষ করে তিনি ৪৫ হাজার টাকা লাভ করেছিলেন। এবার বাজারদর ভালো থাকায় আরও বেশি লাভের আশায় হাড়ভাঙা পরিশ্রম করেন। কিন্তু এক রাতের ব্যবধানে দুর্বৃত্তরা তার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
পড়ুন : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ


