খুলনায় পৃথক দুটি অভিযানে চারটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে লবণচরা থানা পুলিশ এবং বৃহস্পতিবার রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান দুটি পরিচালনা করে।
লবণচরা থানা পুলিশ জানায়, ডাবল মার্ডার মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল আউয়াল (২৫) নামে এক যুবককে এক দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অস্ত্র শ্যুটার ইস্রাফিলের বাড়ির পরিত্যক্ত ঘরে রাখা আছে বলে জানান।
পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত হরিণটানা আশিবিঘা এলাকার আলআকসা মসজিদ গলিতে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, আব্দুল আউয়ালের দেখানো স্থান থেকে সাদা স্কচটেপে মোড়ানো একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি সাদা রঙের টিস্যু ব্যাগ উদ্ধার করা হয়।
আব্দুল আউয়াল খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়া মওলাবাড়ির মোড় মসজিদ মিশন গলির বাসিন্দা।
অন্যদিকে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টা ৪৫ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড়ে অভিযান চালায় ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে চিংড়ী পলাশের বাসায় যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে জানতে পেরে উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় যশোরের রিফাত তালুকদার (২১) নামে এক যুবককে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ঘটনায়ই উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিফাত তালুকদারের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পড়ুন : মাদক-জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত
সা/


