অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজনে ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের একক শিল্প প্রদর্শনী Realms of Curiosity অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রদর্শনীতে শিল্পীর ৩০টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পাবে, যা পর্যবেক্ষণ, আবেগ, স্মৃতি এবং দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতা থেকে নির্মিত।
প্রদর্শনীর উদ্বোধন হবে ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারি জুমে। প্রদর্শনী চলবে ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। প্রদর্শনীর সমাপনী উপলক্ষে ফ্লাভিয়েন মার্তিনেল ও তাঁর সহযোগী মানমিত কৌর একটি লাইভ কনসার্টে অংশ নেবেন। এতে তাঁদের যৌথ সৃজনশীল চর্চার দৃশ্য ও সংগীতভিত্তিক দুটি মাত্রা একত্রিত হবে। CITOPIR-এর দুই শিল্পী হিসেবে তাঁদের এই পরিবেশনায় সংগীত, র্যাপ, দৃশ্যশিল্প এবং সরাসরি দর্শক-অংশগ্রহণের সমন্বয়ে তাঁদের সৃজনশীল কাজের আরেকটি দিক তুলে ধরা হবে।
প্রদর্শনীতে ফ্লাভিয়েন মার্তিনেলের পূর্ববর্তী শিল্পকর্মের নির্বাচিত একটি সংকলন উপস্থাপন করা হবে, যা তাঁর শিল্পচর্চা এবং সময়ের সঙ্গে তাঁর কাজকে প্রভাবিত করা বিভিন্ন ভাবনা ও বিষয়বস্তুর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবে। প্রদর্শনীর পাশাপাশি ফ্লাভিয়েন ঢাকায় এক মাসব্যাপী শিল্পী রেসিডেন্সি করবেন। এই সময়ে তিনি ঢাকা শহর ও এর পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে যুক্ত হবেন, নতুন ভাবনা ও অভিজ্ঞতা অনুসন্ধান করবেন এবং তাঁর শিল্পচর্চাকে আরও বিকশিত করবেন। একই সঙ্গে হাতে-কলমে একটি কর্মশালাসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে স্থানীয় দর্শক ও অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও শিল্পচর্চা ভাগ করে নেবেন।
বিভিন্ন স্থান, মানসিক অবস্থা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে ফ্লাভিয়েন তাঁর দেখা ও অনুভব করা মুহূর্তগুলোকে অঙ্কন ও চিত্রকলার মাধ্যমে প্রাণবন্ত শিল্পকর্মে রূপ দেন। তাঁর কাজের অনুপ্রেরণার উৎস বৈচিত্র্যময়—নিজের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে এমন সংবাদ ও ঘটনাবলি থেকে শুরু করে পথকুকুরের সঙ্গে সাক্ষাৎ, অধরা স্বাধীনতায় বিচরণরত পাখি পর্যবেক্ষণ, কিংবা একাকিত্ব, একঘেয়েমি ও আত্মঅনুসন্ধানের নীরব মুহূর্ত।
স্বতঃস্ফূর্ত তুলির আঁচড় এবং বিভিন্ন শিল্পকৌশলের ব্যবহারে কৌতূহলের জগৎ দৈনন্দিন জীবনের অপ্রত্যাশিত ও সূক্ষ্ম নানা দিককে অনুসন্ধান করে। প্রদর্শনীটি দর্শকদের শিল্পীর অন্তর্জগতের একটি আভাস দেবে, যেখানে পর্যবেক্ষণের সঙ্গে কল্পনা এবং সহজাত অনুভূতির সঙ্গে শিল্পকৌশলের মেলবন্ধন ঘটে। কোনো একক আখ্যান অনুসরণ না করে, শিল্পকর্মগুলো দর্শকদের বিভিন্ন অনুভূতি, স্মৃতি ও অভিজ্ঞতার বিচ্ছিন্ন অংশের মধ্য দিয়ে নিজস্ব অর্থ খুঁজে নেওয়ার সুযোগ করে দেয়।
রেসিডেন্সির অংশ হিসেবে ফ্লাভিয়েন অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘গ্রাফিতি অ্যান্ড ত্রিমাত্রিক লেটারিং ওয়ার্কশপ’ পরিচালনা করবেন। কর্মশালাটি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬।
এই কর্মশালায় হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রাফিতি, লেটারিং ও ক্যালিগ্রাফির সৃজনশীল সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ পাবেন। গ্রাফিতির মৌলিক কৌশল, লেটারিং ও ক্যালিগ্রাফি, ত্রিমাত্রিক (৩ডি) প্রভাব, আলো ও ছায়া, আউটলাইন ও ফিলের পাশাপাশি অক্ষর ও বর্ণমালাকে নতুনভাবে ভাবা এবং অক্ষরের মধ্যে অর্থ ও ব্যক্তিত্ব সৃষ্টির বিভিন্ন সৃজনশীল পদ্ধতি নিয়ে কাজ করবেন তাঁরা।
কর্মশালাটি ফ্লাভিয়েনের পরীক্ষাধর্মী ও দৃশ্যভিত্তিক শিল্পচর্চার প্রতিফলন, যেখানে গ্রাফিতিকে শুধু একটি শিল্পকৌশল হিসেবে নয়, বরং যোগাযোগ ও সৃজনশীল প্রকাশের একটি মাধ্যম হিসেবেও অন্বেষণ করা হবে।
ফ্লাভিয়েনের এক মাসব্যাপী রেসিডেন্সি, প্রদর্শনী ও কর্মশালার মধ্য দিয়ে শিল্পচর্চা, ব্যক্তিগত পর্যবেক্ষণ ও সৃজনশীল বিনিময়ের একটি সমন্বিত পরিসর তৈরি হবে। এর মাধ্যমে ঢাকার দর্শকরা তাঁর শিল্পকর্মের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সরাসরি তাঁর সৃজনশীল চর্চার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
পড়ুন : শুক্রবার শিল্পকলায় “দুই পাখি ও নন্দিনী”র উদ্বোধনী মঞ্চায়ন


