নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুট হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু আহমেদ ও তার সঙ্গীয় ফোর্সের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেফতাকৃতরা হলেন—নরসিংদীর মাধবদী এলাকার মো. তামজিদ মিয়া (২২), মো. শাহিন মিয়া (৩১), মো. শামিম মিয়া (২৬), হৃদয় দাস (২০) এবং কুমিল্লার হোমনা এলাকার মো. শরিফ মিয়া (৩৫)।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন এক সাংবাদিক সম্মেলনে জানান, বুধবার ভোর রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের কাজীপাড়া এলাকায় জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে মুখোশ পরা ১৫ থেকে ১৬ সদস্যের একটি ডাকাতদল হানা দেয়। ডাকাতরা পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত ছিল।
ডাকাতরা প্রথমে বাড়ির কলাপসিবল গেট ও বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির মালিক আবুল হোসেন (৬৫), তার স্ত্রী রাণি বেগম (৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে (৩৫) মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে রেখে বাড়িতে লুটপাট চালায়।
পরে নগরপাড়া জামে মসজিদের মাইকে ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার করার কথা শুনে ডাকাতরা ১৭ ভরি স্বর্ণালংকার, জমির বায়নার ৩ লাখ ৫০ হাজার টাকা ও অন্যান্য মালামালসহ ৪০ লাখ টাকার বেশি সম্পদ লুটে নিয়ে পালিয়ে যায়।
এদিকে ডাকাতির খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি শুরু করে। পরে বৃহস্পতিবার সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাত সন্দেহে পাঁচজনকে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে আবুল হোসেনের বাড়ি থেকে লুট হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপভ্যান, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে আল জাবের রানা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
(ওসি) এএইচএম সালাউদ্দিন আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় লুট হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে এবং ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধার ও ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : পিরোজপুরে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ তিনজন আটক


