নোয়াখালী সদর উপজেলায় রাতের আঁধারে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আউয়াল রায়হানের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিল্লারহাট বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল আউয়াল রায়হান স্থানীয় কবির মিয়ার ছেলে। তিনি নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রায়হানের ওপর একাধিকবার হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। একই সময়ে তার বাড়ির একটি জায়গা দখল করে নেওয়ারও অভিযোগ ওঠে। পরবর্তীতে নিরাপত্তার কারণে রায়হান এলাকা ছেড়ে সৌদি আরবে চলে যান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা রায়হানের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের বিভিন্ন অংশে থাকা আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যদের ধারণা, রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিশাল বলেন, রায়হান আমার কমিটিতে ছিল। সে অত্যন্ত ভালো, ভদ্র ও নম্র ছেলে। রাতের আঁধারে তার বাড়িতে এভাবে আগুন দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।
স্থানীয় বাসিন্দারাও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা, তা তদন্তের মাধ্যমে দ্রুত নিশ্চিত করা হোক।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

