অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছে। ম্যাকেতে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরে সেই পথে ধাক্কা খেলেও আশা ছাড়ছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার বিশ্বাস, নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলতে পারলে ফাইনালের লড়াইয়ে শেষ পর্যন্ত থাকতে পারে বাংলাদেশ।
২০২৫-২৭ চক্রে বাংলাদেশের সামনে এখনো ছয়টি টেস্ট বাকি। ক্রিকবাজের হিসাবে, ফাইনালে ওঠার সম্ভাবনা শক্ত করতে এই ম্যাচগুলো থেকে আরও ৪৭ পয়েন্ট প্রয়োজন হবে। বিশেষ করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মুশতাক বলেন, “ইনশাআল্লাহ, কেন নয়? আমরা এখন খুব ভালো অবস্থানে আছি। যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং বিশ্বাসটা ধরে রাখতে পারি, তাহলে শেষ পর্যন্ত যাওয়ার অধিকার আমাদের আছে।”
তবে মুশতাকের কাছে পয়েন্টের হিসাবের চেয়েও দলের মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে হারের ভয় থেকে বেরিয়ে আসার ওপর জোর দিচ্ছেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার।
মুশতাক বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ জেতার একমাত্র উপায় হলো, হার নিয়ে দুশ্চিন্তা না করা। কোচ হিসেবে আমাদের এই মানসিকতাটাই বদলাতে হবে।” খেলোয়াড়, নির্বাচক ও সংশ্লিষ্ট সবাই একই মানসিকতা নিয়ে এগোচ্ছেন বলেও মনে করেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে ডারউইনে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে ম্যাকেতে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারে নাজমুল হোসেন শান্তর দল। এরপরও বর্তমান চক্রে তিন জয়ে পয়েন্ট তালিকার ওপরের দিকেই রয়েছে বাংলাদেশ। ফলে ফাইনালের দৌড় থেকে এখনো ছিটকে যায়নি তারা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমানে হাই পারফরম্যান্স ও অনূর্ধ্ব-২৩ দলের স্পিনারদের নিয়ে চার দিনের বিশেষ ক্যাম্প পরিচালনা করছেন মুশতাক। তার সঙ্গে কাজ করছেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও নাবিল সামাদসহ কয়েকজন স্থানীয় কোচ।
ক্রিকেটারদের পাশাপাশি স্থানীয় স্পিন বোলিং কোচ তৈরির বিষয়েও গুরুত্ব দিচ্ছেন মুশতাক। তার মতে, এ ধরনের ক্যাম্প তিন মাস পরপর আয়োজন করা সম্ভব হলে স্পিনারদের পাশাপাশি দেশীয় কোচদের কারিগরি ও কৌশলগত জ্ঞানও বাড়বে।
পড়ুন : টানা দুই হারের পর ৫-১ গোলের জয় বাংলাদেশের
সা/


