বিভিন্ন সরকারি দপ্তর, বাহিনী ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি, বিশেষ, সীমান্ত ও ক্ষতিপূরণ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাধারণ ভাতার পাশাপাশি নির্দিষ্ট কিছু দপ্তরের কর্মীরা বিশেষ ধরনের এসব ভাতা পেয়ে থাকেন। নতুন ভাতার হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এ বিষয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একাধিক গেজেট জারি করেছে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির বয়সের ভিত্তিতে বিভিন্ন ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে। সরকারি কাজে ঝুঁকি কিংবা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী কর্মীদের আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে উৎসাহিত করতেই এসব ভাতা দেওয়া হয়।
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের বিশেষ ভাতা এবং বাহিনীর অন্যান্য কর্মচারীদের ক্ষতিপূরণ ভাতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। একই হারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতাও বাড়ানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সুবেদার মেজর ও তদনিম্ন কর্মচারীদের সীমান্ত ভাতা গ্রেড ও চাকরির বয়সের ভিত্তিতে পাঁচ ধাপে নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২০ ভুক্ত কর্মীদের মাসিক ভাতা এক হাজার ৪৪০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ১২০ টাকা করা হয়েছে। গ্রেড-১৫ ভুক্তদের ভাতা দুই হাজার ৪০ টাকা থেকে চার হাজার ৮০ টাকা হয়েছে। গ্রেড-১০-এর কর্মীদের ভাতা দুই হাজার ৭৬০ টাকা থেকে পাঁচ হাজার ৬৪০ টাকা এবং গ্রেড-৬-এর জন্য তিন হাজার ২৪০ টাকা থেকে ছয় হাজার ৪৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশনাল কাজে নিয়োজিত গ্রেড-১০ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতাও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ১৮ নম্বর গ্রেডের কর্মীরা এক হাজার ৬৮০ টাকা থেকে তিন হাজার ৩৬০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের কর্মীরা তিন হাজার ২৪০ টাকা থেকে সর্বোচ্চ ছয় হাজার ৪৮০ টাকা পাবেন। মাঝের গ্রেডগুলোর ক্ষেত্রেও চাকরির বয়স অনুযায়ী ধাপে ধাপে ভাতার হার নির্ধারণ করা হয়েছে।
কারা বিভাগের ডেপুটি জেলার ও তদনিম্ন কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৭ নম্বর গ্রেডের কারারক্ষী, মহিলা কারারক্ষী ও দেহরক্ষীদের ভাতা এক হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ৬০০ টাকা করা হয়েছে। আর গ্রেড-১১-এর ডেপুটি জেলারের ঝুঁকি ভাতা দুই হাজার ৬৪০ টাকা থেকে পাঁচ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ শ্রেণির কর্মচারীর জন্যও নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।
কোস্টগার্ড, এসআরবি ও দুদক
বাংলাদেশ কোস্ট গার্ডের জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মচারীদের পদ অনুযায়ী ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে। নতুন হারে এমসিপিও পদে তিন হাজার ৮৪০ টাকা, এসসিপিও পদে তিন হাজার টাকা, সিপিও পদে দুই হাজার ৭৬০ টাকা এবং পিও পদে দুই হাজার ৬৪০ টাকা ভাতা দেওয়া হবে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কর্মচারীদের বিশেষ ভাতাও বাড়ানো হয়েছে। মহাপরিচালক ২৮ হাজার ৮০০ টাকা, অতিরিক্ত মহাপরিচালক ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালক পদে কর্মরতরা ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা পাবেন। উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম এনালিস্ট পদে ১৫ হাজার ৬০০ টাকা এবং সিনিয়র সহকারী পরিচালকসহ নির্দিষ্ট পদে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতাও নতুন করে নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীদের ঝুঁকি ও বিশেষ ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে।
সূত্র: সমকাল
পড়ুন : নরসিংদীর ভাটপাড়ায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২
সা/


