গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তহবিলের অভাবে ঐতিহ্যবাহী নয়ানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ গত ছয় মাস ধরে থমকে আছে। অর্ধেকের বেশি কাজ শেষ হওয়ার পর অর্থের সংকটে বাকি কাজ বন্ধ থাকায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে।
উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়নের নয়ানপুর গ্রামের ওই ঈদগাহ মাঠে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় হাজারো মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। মাঠটির সৌন্দর্য বাড়াতে স্থানীয়দের উদ্যোগে মিনার নির্মাণের এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, মিনারটির মূল অবকাঠামোর বড় অংশ নির্মিত হলেও প্লাস্টার, ফিনিশিং ও সৌন্দর্যবর্ধনের কাজ এখনো বাকি। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় রোদ-বৃষ্টিতে খোলা পড়ে থাকা রড ও সিমেন্টের আস্তরণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গ্রামের মানুষের নিজস্ব অনুদান ও স্বেচ্ছাশ্রমে মিনারটির নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে তহবিল ফুরিয়ে যাওয়ায় গত ছয় মাস ধরে কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আসন্ন ঈদের আগেই কাজ শেষ করার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।
ঈদগাহ মাঠ কমিটির সভাপতি কাহার আহম্মেদ শাহীন মিয়া জানান, মিনারের অসমাপ্ত কাজ শেষ করতে আনুমানিক আরও তিন লাখ টাকার প্রয়োজন। সরকারি অনুদান কিংবা কোনো দানশীল ব্যক্তির সহায়তার ওপর নির্ভর করে আছেন তারা। অর্থ পেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে। কমিটির অপর সদস্য মোহেরুল ইসলাম বলেন, “মাঠটিতে হাজারো মানুষ নামাজ আদায় করেন। মিনারটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকায় এর সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং দেখতেও বেমানান লাগছে।”
নয়ানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এই অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পড়ুন : ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ঠাকুরগাঁওয়ে গ্রেফতার ২


