নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় চলমান উদ্ধার অভিযান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার নিখোঁজদের উদ্ধারে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এমপি আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও নিরাপদ উদ্ধারের বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও থানা পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দুর্ঘটনায় নিহত নারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি আজহারুল ইসলাম মান্নান। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত সন্ধান ও নিরাপদ উদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
পড়ুন : পাগলা ও নান্দাইলে ধর্ষণ: পলাতক দুই আসামি এসআরবির হাতে গ্রেপ্তার


