অ্যাডভান্সড মেরিন ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্সের অপূর্ব সমন্বয়ে তৈরি ‘অটোনোমাস আন্ডারওয়াটার রোবট (ডেপথ্ গার্ড)’ (Autonomous Underwater Robot – DepthGuard) প্রদর্শন করে আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক (Gold Medal) জয় করেছে বাংলাদেশের তরুণদের দল ‘অবসিডিয়ান প্রাইম’ (Obsidian Prime)। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘8th World Invention Competition and Exhibition (WICE) 2026’-এর IT & Robotics ক্যাটাগরিতে এই গৌরবময় সাফল্য অর্জন করে দলটি।
গত ২০-২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ার SEGi University-তে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৩১টি দেশ থেকে ৪০০-এর বেশি দল অংশগ্রহণ করে। এতসব দেশের মেধাবী তরুণ উদ্ভাবকদের পেছনে ফেলে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীদের গড়া এই অদম্য দলটি।
টিম ‘অবসিডিয়ান প্রাইম’-এর এই অসামান্য অর্জনে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সিফাত এবং তার দলের সদস্য মোহাম্মদ রিফাত ও জান্নাতুল রাহিমা জেদনী।তরুণ এই উদ্ভাবকদের পুরো যাত্রায় সার্বক্ষণিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জুগিয়েছেন মাননীয় পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আন্তর্জাতিক অঙ্গনের এই সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় রোবোটিক্স প্ল্যাটফর্ম ‘ড্রিমস অব বাংলাদেশ’ (Dreams of Bangladesh)। পাশাপাশি, তরুণ এই উদ্ভাবকদের স্বপ্নের যাত্রাকে বাস্তবে রূপ দিতে তাদের গর্বিত অংশীদার (পার্টনার) হিসেবে ছিল ‘শাহ সিমেন্ট’ (Shah Cement)।
দলের সদস্যদের এই উদ্ভাবনী চিন্তা, মেধা ও কারিগরি দক্ষতা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ‘অবসিডিয়ান প্রাইম’-এর এই সাফল্য শুধু তাদের নিজেদের জন্যই নয়, বরং গোটা দেশের তরুণ প্রজন্মের অপার সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
পড়ুন : বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র্যালি


