বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। জনগন যে সময়ের জন্য ম্যান্ডেট দিয়েছে, সে পর্যন্ত ক্ষমতায় থাকবে সরকার। কোন হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে দেশব্যাপি নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, জামায়াতে ইসলামী যারা রাসূল কিংবা নবীদের নিয়েও বিতর্কিত কথা বলে, তারা কেমন ইসলাম চর্চা করে? জামায়াতে ইসলামী প্রকৃত পক্ষে ইসলাম নয়।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে দেশবাসীকে ধৈর্য ধরার জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা হলে আমরা জনগণের কাছে গেছি। আপনারা ধৈর্য ধরেছেন এবং আল্লাহর রহমতে আমরা সেই সমস্যার সমাধান করেছি।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর সিরাজগঞ্জের মাটিতে আমার এমন কোনো নেতাকর্মী নেই যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়নি। আওয়ামী লীগ আমার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অত্যাচার করেছে। অন্যায়-অত্যাচারের পাল্লা যখন ভারী হয়েছিল, তখন জুলাই বিপ্লব হয়েছিল। আমি জুলাই বিপ্লবের আত্মত্যাগ ও আত্মনিবেদিত সন্তানদের লাল সালাম জানাই।
তিনি আরও বলেন, ‘এই সন্তানরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।’
বিএনপির বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে টুকু বলেন, তারেক রহমান জনগণের কাছে যেসব ওয়াদা করেছিলেন, সেসব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।
সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক, উল্লাপাড়া ও সলংগা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন প্রমুখ।
সমাবেশে সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট।
এ সময় জেলা বিএনপিসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র্যালি


