২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ রোববার (২৭ সেপ্টেম্বর)। এ ধাপে আবেদন করা যাবে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১ অক্টোবর রাত ৮টায়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে।
এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও কোনো কারণে নিশ্চয়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি—এমন শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও এ সুযোগের আওতায় থাকবে।
দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজে বিদ্যমান আসনের ভিত্তিতে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবে।
দ্বিতীয় ধাপে নির্বাচিতদের ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চয়নের সুযোগ থাকবে। এ সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজে নির্বাচিত হয়নি, দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে তাদের ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। এসব শিক্ষার্থীকে ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন অথবা এডিট সম্পন্ন করতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদন করার সময় কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণের নির্দেশনাও দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
পড়ুন : বিশ্ব পর্যটন দিবস আজ, পর্যটন খাতে নতুন সম্ভাবনার সঙ্গে চ্যালেঞ্জও
সা/


