কওমি ধারার সাতটি ধর্মীয় রাজনৈতিক দলের দীর্ঘদিনের সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে চট্টগ্রামের ফটিকছড়িতে বৈঠক শুরু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাতটি দলের প্রতিটির পক্ষ থেকে পাঁচজন করে প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, ঐক্যের রূপরেখা তৈরিতে গঠিত উপকমিটির সদস্য এবং সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন।
দলগুলোর দেওয়া পৃথক প্রস্তাব সমন্বয় করে উপকমিটি যে খসড়া রূপরেখা তৈরি করেছে, বৈঠকে তা উপস্থাপন করা হচ্ছে। আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো গেলে আজই ঐক্যের রূপরেখা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
ঐক্য প্রক্রিয়ায় থাকা সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
এর আগে গত ১৬ জুলাই ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে সাত দলের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগতভাবে একমত হন নেতারা।
পরে দলগুলোর পৃথক প্রস্তাব পর্যালোচনা ও সমন্বয়ের জন্য হেফাজতের উদ্যোগে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটি কয়েক দফা বৈঠকের পর দলগুলোর প্রস্তাব সমন্বয় করে একটি খসড়া রূপরেখা প্রস্তুত করে। আজকের বৈঠকে সেই খসড়া নিয়েই আলোচনা চলছে।
পড়ুন : পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
সা/


