বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সকালে ক্যাম্পাসের বটতলায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। পরে তিনি খাদ্য উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত খাবারের মান যাচাই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, পর্যটন শুধু বিনোদনের একটি মাধ্যম নয়; এটি একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য ও সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার অন্যতম কার্যকর মাধ্যম। বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লোকজ সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতিকে পরিকল্পিতভাবে উপস্থাপন করতে পারলে পর্যটন খাত দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি হলে তারা দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে অবদান রাখতে পারবে। তিনি বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে অভিনন্দন জানান এবং দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো: শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমান।
এসময় রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্ট নিয়াজ রহিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুস শহীদ মিয়া, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ঞঙঅই) পরিচালক মো: মহিউদ্দিন সালিম, উঊঝঐঅ, কুষ্টিয়ার উপ-নির্বাহী পরিচালক মো: মোবিনুল ইসলাম (সেলিম), গ্লোবাল ভিশন মাইগ্রেশন অ্যান্ড ভিসা কনসালট্যান্সি ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং আমিনা রোজা গলফ ক্লাবের সিইও ইফান আহমেদ সহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এরপর অনুষ্ঠান স্থল থেকে ভাইস চ্যান্সেলর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এই র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত খাদ্য উৎসববে বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন ধরনের ২০টি দেশীয় ও আন্তর্জাতিক খাবারের স্টল স্থাপন করা হয়েছে। এই উৎসব ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত (তিন দিন) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড় ৫টা পর্যন্ত চলবে। এছাড়া পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর কেন্দ্রীয় অডিটরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হবে।
পড়ুন:বিশ্ব নদী দিবস আজ, ফুল ও কাগজের নৌকা ভাসিয়ে মোংলায় উদযাপন
ইমি/


