ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আসামি পলায়নের ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কীভাবে আসামি পালিয়ে গেল এবং দায়িত্বে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিটিএসবি ওই তদন্ত কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই (এবি) প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির, সাকিব, শাকিল এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল।
পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকার আদালতে হাজিরার জন্য রাজা ওরফে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরত নেওয়ার পথে গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে তিনি শৌচাগারে যাওয়ার কথা জানান।
পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সুযোগ বুঝে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় পিচ্চি রাজা। এরপর তাকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান শুরু করে।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকা থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন:জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয়
ইমি/


