কথা ছিলো রাজনীতির মাঠে থাকবে যুক্তি, নীতি আর সংলাপ। থাকবে দেশপ্রেম, মানবিকতা, সামাজিকতা, কুটনৈতিক বিচক্ষণতা। কিন্তু কি হচ্ছে ১৯৭১ সালে স্বাধীনতা পাওয়া এই বাংলাদেশে?
রাজনৈতিক আদর্শের বদলে আক্রোশ আর প্রতিহিংসার পথে হাঁটছে এ দেশের কথিত জনসেবকরা। তারা জনগণের কথা বলে, ব্যক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড় স্লোগান দিয়েও বাস্তবে শোষন,দমন,নিপীড়নের পথ বেছে নেয়। যা বিগত প্রায় ৫৫ বছরের বাস্তবতা। এখানে দলীয়করণ, স্বজনপ্রীতি,একপেশে, বাকশাল, স্বৈরাচার, খেতাবধারীদের দৌড়াত্ম থাকে। কখনো এ দল, কখনো বি দল,কখনো বাম,ডান এমনকি সসস্ত্র হস্তক্ষেপে অতীতে রাজ গদি দখলের ঘটনাও ঐতিহাসিক ঘটনা।
সম্প্রতি দহন, দমন, অত্যাচারের মাত্রা শেষে পালিয়ে যাওয়া, পুড়িয়ে দেয়া, খুন, গুম, জেল,জুলুম, নির্যাতনের ভয়ংকর আচরনের আবরনে প্রবেশ করেছে রাজনৈতিক প্রতিচ্ছবি। এখন রাজনৈতিক চরিত্র সেবার বদলে আগ্রাসনে রূপ নিয়ে সবচেয়ে নগ্ন ও বিধ্বংসী প্রকাশ ঘটে। ব্যক্তিগত কিংবা রাষ্ট্রের স্থাপনা ধ্বংসের মাধ্যমে। জনগণের বাসে আগুন, রাষ্ট্র, দল, দাতব্য প্রতিষ্ঠানের কার্যালয়ে অগ্নিসংযোগ, কিংবা ভিন্নমতের মানুষ বা প্রতিষ্ঠানের ওপর চড়াও হয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো আমাদের সমাজে বারবার ফিরে আসে।
—কখনো আন্দোলনের নামে, কখনো প্রতিবাদের আড়ালে, আবার কখনো নিছক প্রতিশোধের উন্মাদনায়।
প্রশ্ন হলো, এই ‘পুড়িয়ে দেয়ার সংস্কৃতি’ কি কেবলই কিছু উচ্ছৃঙ্খল মানুষের তাণ্ডব, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আমাদের রাজনৈতিক চর্চা ও সামাজিক মানসিকতার গভীর কোনো সংকট?
সভ্য সমাজের রাজনীতির মূল ভিত্তি হলো মতপ্রকাশের স্বাধীনতা, সহনশীলতা এবং আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধা। সেখানে দ্বিমত থাকবে, তর্ক হবে, এমনকি রাজপথের প্রতিবাদও হতে পারে।
কিন্তু প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার বা সম্পদ ও জীবন ধ্বংস করার মানসিকতা সভ্যতার পরিপন্থী। যখন প্রতিশোধের আগুন রাজনীতির প্রধান জ্বালানি হয়ে ওঠে, তখন লক্ষ্য আর আদর্শের জায়গা দখল করে নেয় ক্ষোভ ও ধ্বংসযজ্ঞ।
একটি পুড়ে যাওয়া বাস বা ক্ষতিগ্রস্ত স্থাপনা কেবল বস্তুগত ক্ষতির হিসাব নয়; এটি সাধারণ মানুষের দৈনন্দিন নিরাপত্তা, জীবিকা এবং রাষ্ট্রের শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।
এই প্রবণতার পেছনে একটি দীর্ঘদিনের দায়মুক্তির সংস্কৃতি ও রাজনৈতিক মেরুকরণের প্রভাব অস্বীকার করার উপায় নেই।
যখন কোনো পক্ষ মনে করে যে সহিংসতা বা ধ্বংসের মাধ্যমে দাবি আদায় করা যায়, অথবা দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হয় না, তখন ধীরে ধীরে এটি এক ধরনের বিকৃত স্বাভাবিকতায় রূপ নেয়। অন্যদিকে, ভিন্নমতকে শত্রু ভাবার প্রবণতা সমাজের ভেতরে এমন এক বিষাক্ত বাতাবরণ তৈরি করে, যেখানে আলোচনার টেবিল অকার্যকর হয়ে পড়ে এবং আগুনের ভাষা প্রধান হয়ে ওঠে।
সবচেয়ে বড় বিড়ম্বনা হলো, এই প্রতিশোধের দহনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। যে শ্রমিক গাড়ি চালিয়ে সংসার চালান, যে ব্যবসায়ী পুঁজি খাটিয়ে দোকান বা প্রতিষ্ঠান গড়ে তোলেন, কিংবা যে সাধারণ নাগরিক নিরাপদে বাড়ি ফিরতে চান—তাঁদের জীবনের কোনো রাজনৈতিক রঙ থাকে না, কিন্তু আগুনের হলকা তাঁদেরই পুড়িয়ে ছারখার করে।
রাজনীতির খেলায় সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে বাজি ধরা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সভ্য সমাজে রূপান্তরিত হতে হলে আমাদের রাজনীতিকে প্রতিশোধের বৃত্ত থেকে বের করে আনতে হবে। প্রয়োজন সহনশীলতার চর্চা, আইনের শাসনের নিরপেক্ষ প্রয়োগ এবং সহিংসতার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে স্পষ্ট ও আপসহীন অবস্থান।
আগুন দিয়ে কখনোই সমস্যার সমাধান হয় না; বরং তা নতুন ক্ষত তৈরি করে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অবিশ্বাস ও বিদ্বেষকে জিইয়ে রাখে।
রাজনীতি হওয়া উচিত মানুষ ও সমাজকে গড়ার হাতিয়ার, পোড়ানোর নয়। প্রতিশোধের দহন থামিয়ে সংলাপ ও দায়িত্বশীলতার পথে ফিরতে পারলেই কেবল আমরা একটি সত্যিকারের সভ্য ও মানবিক সমাজের স্বপ্ন দেখতে পারি।
ঘটনার ফিরিস্তি যখন বাড়তে থাকে,প্রতিশোধ খেলায় যখন রাষ্ট্রের ধ্বংস ডাকে, তখন বাধ্য হয়েই বলতে হয়, সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত কবিতা ‘উত্তম ও অধম’-এর ভাব ও ছন্দ থেকে। যদিও কবিতাটি মূলত ফারসি সাহিত্যের বিখ্যাত কবি শেখ সাদীর একটি শিক্ষামূলক কাহিনী যা বাংলায় রূপান্তরিত। কবিতার কিছু চরন এমন___
”কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কি রে মানুষের শোভা পায়?”
প্রসঙ্গের সাথে কবিতা মেলানোর দৃষ্টতা দেখানো অন্যায়। রূপক সেই কবিতার ভাবার্থ এটিই বুঝাতে চাই যে, কুকুর কামড় দিলে যেমন ফিরে প্রতিশোধের কামড় দেয়া মানুষের সভ্যতায় যায় না। তেমনি জনগণের সেবা করার, দেশ গড়ার রাজনৈতিক চরিত্রের আড়ালে সন্ত্রাসী কায়দায় ভীতিকর করে দিয়ে পাল্টাপাল্টি আক্রমণ, ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্রবাজি, বোমাবাজি, কমিশন ভোগী, টেন্ডারবাজিতে রূপ দেয়া সভ্যতা হতে পারে না। আর এ অসভ্য সংস্কৃতিকে, জবর দখলের সংস্কৃতিকে কখনো রাজনীতি বলা যায় না। এখানে কামড় বসানোর সংস্কৃতি চলছে। পাল্টা কামড় দেয়া চলছে। অর্থাৎ সভ্যতা এখানে অনুপস্থিত।
চলছে সার্কাস। সার্কাসের জোঁকারদের মাঝে নিশ্চয়ই দেখেছেন ফাটাবাঁশের লাঠি দিয়ে আঘাত,পাল্টা আঘাতের খেলা। তেমনি আমাদের সমাজে রাজনীতির নামে, সমর্থন, মত ভিন্ন হলেই একে অপরকে ঘায়েল করতে অসভ্য হামলার সংস্কৃতিতে যুক্ত হয়। তারা একটি কটু কথার বিপরিতে ১০ টা কটু কথা, একটি থাপ্পড়ের পরিবর্তে ৫ টি কিল ঘুষি, একটি গুলির পরিবর্তে ১০ বোমা, ১০ বোমার পরিবর্তে প্রতিশোধ হিসেবে জ্বালাও পোড়াও করতে করতে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে আগুন দহনের প্রতিযোগিতায় মাতে। এর শেষ কথা হলো জনগণের অনিরাপদ নগর, অনিরাপদ জীবন যাপনের পরিস্থিতি থেকে মুক্তি হয় না।
প্রশ্ন হলো, এ প্রতিশোধের খেলা শেষ হবে কবে? তাদের তথা রাজনৈতিক দলগুলোর সরকারে থাকলে এক চরিত্র আবার সরকারে না থাকলে অন্য চরিত্রের রক্তের খেলায় দেশ কঠিন সংকটে পড়ে।
উস্কে দেয়া, অভিনয় করা, মঞ্চ তৈরী করা, টপিক পরিবর্তন করা, খোলস বদলে দেয়ার মতো নানা ঘটনার আড়ালে জনগণের পরিণতি হয় ভয়াবহ। তারা হয় তিলে তিলে শোষিত। তারা হয় অধিকার বঞ্চিত। তারা থাকে কোনঠাসা।
লেখক: সাংবাদিক
পড়ুন : ধামরাইয়ে মালবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, আহত ২


