মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনিরের ছেলে। বশির ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার দুপুরে, সিংগাইর সার্কেল সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, রোববার মধ্য রাতে ঘটনাটি সদর থানা এলাকার শেষ এবং সিংগাইর থানা শুরুর ২০০ গজের মধ্যে ঘটেছে। কে কা বা কারা হামলায় জড়িত পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। মামলা রুজু হবে।
সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম বলেন, হামলাকারীরা বশিরের বন্ধু। তাদের বাড়িও সদর উপজেলায়। কিভাবে বশিরকে ইট ভাটায় নিয়ে আসলো, কেনো নিয়ে আসলো, কুপানোসহ সকল বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
এদিকে রোববার দিবাগত মধ্য রাতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে নিষিদ্ধ সংগঠনটির জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়, তাতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বশিরের ওপর নৃশংস হামলা চালিয়ে তার দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে।
তবে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ জানান, মূলত নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ওই ছেলের বন্ধুরাই তাকে কুপিয়েছে। মধ্য রাতে ইটভাটায় ওই ছেলে কাদের সাথে গেছে? কেনো গেছে? ওদের মধ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা থাকতে পারে। সে ঘটনায় কুপিয়েছে বলে আমরা শুনেছি। এখানে ছাত্রদল বা বিএনপির অঙ্গ সংগঠনের নাম জড়িয়ে গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ সংগঠন। এর আগে শহীদ মিনারে একজনের আত্মহত্যার ঘটনা নিয়েও গুজব ছড়িয়েছে ওই নিষিদ্ধ সংগঠন।
পড়ুন : তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া নয়: ডিসি জাহিদ


