নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য ঘোষিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পৃথক সৌজন্য সাক্ষাতে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল।
সৌজন্য সাক্ষাৎকালে নবগঠিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও সদস্যকে শুভেচ্ছা জানান অতিথিরা। এ সময় তারা বলেন, তরুণরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
তারা আরও বলেন, তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড়দের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে নিয়মিত বিভিন্ন খেলাধুলা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এডহক কমিটির সদস্যরা।
এ সময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। পাশাপাশি এডহক কমিটিকে নিয়মিত ও বেশি বেশি খেলাধুলার আয়োজনের তাগিদ দেন তারা।
পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেনীকক্ষে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক আটক


