সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডার, ডিম, ভোজ্য তেল ও ডাবের দোকানে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়াধানগড়া, রেলগেট, বাজার স্টেশন ও বানিয়াপট্টি বাজারে বাজারদর ও সরবরাহ পরিস্থিতি যাচাই করতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে গ্যাস সিলিন্ডারের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, খুচরা বাজারে কিছুটা সংকট থাকলেও ডিলার পর্যায়ে পর্যাপ্ত মজুদ রয়েছে। ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোম্পানি পর্যায় থেকে সিলিন্ডার কিনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এ সময় ক্রয়-বিক্রয় সংক্রান্ত ভাউচার যাচাই করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত মূল্য আদায় ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সিরাজগঞ্জ পেট্রোলিয়াম এজেন্সির প্রতিনিধি মো. নয়নকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বাজার স্টেশন এলাকায় ডিমের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকির সময় খামার থেকে পাইকারি পর্যায়ে রশিদ ছাড়া ডিম সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মেসার্স আবু সাঈদ ডিমের আড়তের মালিক মো. আবু সাঈদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বানিয়াপট্টি বাজারে ভোজ্য তেলের বাজার ও সরবরাহ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। সেখানে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক এবং ডিলারদের কাছে পর্যাপ্ত মজুদ পাওয়া গেছে।
এ ছাড়া ডেঙ্গু পরিস্থিতিকে কেন্দ্র করে ডাবের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ডাব বিক্রেতাদের দোকানেও বিশেষ তদারকি চালানো হয়।
অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পড়ুন : আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল


