ব্যাংক হিসাব তলবের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি সরকারের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন তোলেন এবং তার ব্যাংক হিসাবের তথ্য তলব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দেয়া ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, ‘আমি যখন ভুক্তভোগী হিসেবে প্রশ্ন করলাম, তখন কেন আপনার (সরকার) ব্যাংক হিসাব তলব করার কথা মনে হলো? অবশ্যই, যা করবেন করেন। সবকিছু ঠিকঠাক আছে।’
এর আগে বুধবার দেশের বিভিন্ন ব্যাংকে ই-মেইল পাঠিয়ে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ই-মেইলে তার হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণীসহ প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।
ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার প্রসঙ্গে সালমান মুক্তাদির আরও বলেন, ‘চুক্তিপত্র লাগবে দিলাম। লেটার লাগবে দিলাম। ট্রানজেকশন লাগবে দিলাম। এগ্রিমেন্ট লাগবে দিলাম। অংশীদারিত্ব লাগবে দিলাম। তারপর আর কী করবেন?’
মামলার প্রসঙ্গও তোলেন তিনি। সালমান বলেন, ‘মামলা কী ফেসবুকে এসে দেব? মামলা তো বহুত হয়েছে। কয়টা সামলেছেন আপনারা?’
সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর রাতেই একটি ভিডিও বার্তা দেন সালমান মুক্তাদির। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে বলেন, ‘আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
কার্যালয়ে হামলার ঘটনায় সালমান মুক্তাদির প্রথমে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ তুলেছিলেন। পরে তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। এ ঘটনায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সালমান মুক্তাদিরসহ ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা রয়েছে, এমন ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো ই-মেইলে তার হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিত সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) সরবরাহ করতে বলা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই ই-মেইলে সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবেও উল্লেখ করা হয়েছে।
বিএফআইইউর পাঠানো নির্দেশনায় সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও স্টেটমেন্টের সফট কপি চাওয়া হয়েছে। একই সঙ্গে সংযুক্ত এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস) সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বিএফআইইউ। পাশাপাশি সংস্থাটির একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে সংগৃহীত তথ্যের যাবতীয় গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বিএফআইইউর ওই বার্তা ই-মেইলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। প্রাপকের তালিকায় সরকারি-বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের নাম রয়েছে।
মুক্তাদিরের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার
রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
এর আগে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মো. মুয়া (২৯)। মামলার নথিতে তাঁদের এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের গ্রেপ্তারের সময় লুণ্ঠিত বিভিন্ন মালামাল ও অস্ত্র উদ্ধারের দাবিও রয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী ইসিবি চত্বরসংলগ্ন নিউ ডিওএইচএস প্রোপার্টিজ এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সাইট প্রকৌশলী মো. পারভেজ (২৮) ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পড়ুন : মুক্তাদিরের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার


