গাজীপুরের জয়দেবপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ মো. রাসেল রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বুধবার ( ৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর এলাকায় এই বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে এসআরবি-১, সিপিএসসি গাজীপুর ও সিপিসি-১ (উত্তরা)
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জানাকুর গ্রামের আসাদ উল্লার ছেলে রাসেল রানার নিজ বসতঘরের শয়নকক্ষে অস্ত্র মজুত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। পরে কক্ষটি থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার রাতে প্রেস ব্রিফিংয়ে এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিৎ পাল জানান, গ্রেপ্তার রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও আধিপত্য বিস্তার করে আসছিলেন। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত এসব অস্ত্র কোথা থেকে সংগৃহীত হয়েছে এবং এর পেছনে অন্য কারও ইন্ধন বা সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আসামির বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
পড়ুন : দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


