চট্টগ্রামের চকবাজার থানাধীন ১৭ নং পশ্চিম বাকলিয়া এলাকা থেকে লাভলী বেগম (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্বামী।
জিডি সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে পশ্চিম বাকলিয়ার ডিসি রোডের কালাম কলোনির বাসা থেকে চন্দনপুরা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করতে যান লাভলী বেগম। কাজ শেষে ওই বাসার দারোয়ানের সঙ্গে তিনি বের হন।
পরিবারের দাবি, ওই বাসার সিসিটিভি ফুটেজে লাভলীকে দারোয়ানের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে তারা দুজন হেঁটে চলে যান। এরপর থেকেই লাভলীর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় লাভলীর স্বামী মো. মামুন হোসেন (২৪) চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।
পড়ুন : বন্দরে সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর


