বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জেমসের জন্মদিন আজ, গানের স্রোতে এখনও ‘গুরু’র পথচলা

দেশের জনপ্রিয় রকস্টার ও ‘নগর বাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমসের জন্মদিন আজ। সময়ের সঙ্গে সংগীতের ভাষায় এসেছে নানা পরিবর্তন, পেরিয়েছে বহু বছর, এসেছে নতুন প্রজন্ম। তবু গিটার হাতে চিরচেনা ‘গুরু’র কণ্ঠের গান এখনো অজস্র শ্রোতাকে আনন্দ-উল্লাসে মাতিয়ে রাখে। জীবনের বিশেষ এই দিন উপলক্ষে নিজের ভাবনা ও সংগীত নিয়ে খোলামেলা কথা বলেছেন এই ব্যান্ড তারকা।

বিজ্ঞাপন

জন্মদিন প্রসঙ্গে জেমস বলেন, ‘জন্মদিন একটাই, তুমি যেদিন জন্মেছ। তারপর এগুলো তো আর জন্মদিন নয়। যেদিন জন্মেছ, আর যেদিন মৃত্যু হবে সেদিন মৃত্যুদিন- দুইটাই আছে। আমি কোনো সমাজ বদল করার জন্য আসিনি। সমাজকে আনন্দ দেয়ার জন্য এসেছি। মানুষ তো বারবার জন্ম নেয় না। তাই বলব, জন্মদিন একটাই। আর আমি কোনো দিনই এভাবে বিশেষভাবে জন্মদিন উদযাপন করি না। এমনিতেই পরিবারের সঙ্গে থাকি, সময় কাটাই।’

সংগীত ও সংস্কৃতির পরিবর্তন নিয়েও নিজের ভাবনা তুলে ধরেছেন জেমস। তার ভাষ্যমতে, ‘অনেক আর্ট ফার্ম হারিয়ে গেছে। এর মধ্যে আবার কিছু আর্ট ফার্ম এখনো আছে, যেগুলো মানুষ প্যাশন থেকে, ভালোবাসা থেকেই ধরে রেখেছে।’

গান মানুষের জন্য—এমন ভাবনার কথাও জানিয়েছেন তিনি। জেমস বলেন, ‘গান বানিয়েছে, মানুষ গান শুনবে, গাইবে। পথে-ঘাটে নিজের ইচ্ছামত গাইবে, নিজের মতো করে গাইবে। সংস্কৃতি হচ্ছে নদীর মতো, এটা বয়ে চলবে। বাধা দিলে বরং বাধাগ্রস্ত হবে। যে যার গান করে যাচ্ছে, করুক। আর গান তো বানানোই হয়েছে তা মানুষকে শোনানোর জন্য এবং গাওয়ার জন্য।’

১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন মাহফুজ আনাম জেমস। নওগাঁয় জন্ম হলেও তার বেড়ে ওঠা চট্টগ্রামে। সংগীতের প্রতি তীব্র টান থেকে পরিবারের সঙ্গে মতবিরোধের একপর্যায়ে ঘর ছাড়েন তিনি। এরপর চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে শুরু হয় তার সংগীতজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই পথচলা এখনো অব্যাহত রয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে ‘লেইস ফিতা লেইস’, ‘নগর বাউল’, ‘দুষ্টু ছেলের দল’, ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘আমি তোমাদেরই লোক’ ও ‘কাল যমুনা’র মতো অ্যালবাম উপহার দিয়েছেন জেমস।

তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘তারায় তারায়’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘সুস্মিতার সবুজ ওড়না’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দিদিমনি’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’ ও ‘এক নদী যমুনা’র মতো অসংখ্য গান।

বাংলাদেশি সিনেমায় প্লেব্যাক করেও খ্যাতি অর্জন করেছেন জেমস। সংগীতে অবদানের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন এই শিল্পী।

বলিউডে তার গাওয়া ‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’ গানগুলোও শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

পড়ুন : ছোট-বড় নয়, চরিত্রকে বিশ্বাসযোগ্য করাই গুরুত্বপূর্ণ: সুনেরাহ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন