সিরাজগঞ্জের কামারখন্দে বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাতের অপরাধে এক জামায়াত ইসলামীর নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে গুদামে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কামারখন্দ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। মনিরুল ইসলাম (৪৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ হিসেবে দায়িত্বে রয়েছেন।
শুক্রবার সকালে কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০-২৫ বস্তা সার গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে গুদামে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : চকবাজারে গৃহবধূ নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান
সা/


