নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বাবু (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে পৌর শহরের চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহ ওরফে বাবু চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। সংঘর্ষের সময় তিনি বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এছাড়া মিরাজ (২০), জাকিরের ছেলে ও চৌয়ালা পল্লী বিদ্যুৎ সংলগ্ন হবি কমিশনারের বাড়ির বাসিন্দা, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি এ আর এম আল মামুন জানান, আবু লাল ও হেলাল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে হেলাল গ্রুপের একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, আবু লালের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু লালের ছোট ভাই আহত মিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন : রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবোতে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের উঠান বৈঠক


