জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মোছা. মঞ্জুয়ারা খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল।
শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, মঞ্জুয়ারা খাতুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে হামিদুর রহমান মলিনের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়েছে। এসব সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনের অবস্থান জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
হেলাল উদ্দিন বলেন, বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বসতবাড়িতে মঞ্জুয়ারা খাতুনকে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর ইসলামপুরের আমলি আদালতে সি.আর. মোকদ্দমা নং-২৬০০৯(১)/২০২৬ দায়ের করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
তিনি দাবি করেন, ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত হামিদুর রহমান মলিনসহ উপজেলা যুবদলের নেতারা সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে জামালপুরে অবস্থান করছিলেন। ফলে মলিনকে ওই মামলায় জড়ানো ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন আরও বলেন, একটি পক্ষ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে মলিনকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করছে বলে তাদের আশঙ্কা রয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করার দাবি জানান তিনি।
মলিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে এর প্রতিবাদ ও নিন্দা জানান যুবদলের নেতারা। একই সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাফুদুজ্জামান লুলু, সাঈদ খান লোহানী, আলীনুর ইসলাম, সামিউল হক লাভলু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুহেল রানা খোকনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে মঞ্জুয়ারা খাতুনের মৃত্যুর ঘটনায় করা মামলার বাদীপক্ষ, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পড়ুন : রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবোতে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের উঠান বৈঠক


