ই-জিপি টেন্ডার ও রেলের কেনাকাটায় অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বাংলাদেশ রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপপ্রচারের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) প্রকৌশলী বেলাল হোসেন সরকার এবং নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদসহ রেলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার ছবি এডিট করে ভুয়া তথ্য ছড়াচ্ছিল একটি কায়েমী স্বার্থান্বেষী চক্র।তবে প্রশাসনের দীর্ঘদিনের নীরবতা ভেঙে শীর্ষ পর্যায়ের নির্দেশে কঠোর আইনি পদক্ষেপ শুরু হতেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সটকে পড়েছে অপপ্রচার চালানো সেই পেজটি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘রেল দুর্নীতি সমগ্র বাংলাদেশ’ নামক একটি ফেসবুক পেজ খুলে দীর্ঘদিন ধরে এআই জেনারেটেড এডিটেড ছবি ও ভিত্তিহীন তথ্য পোস্ট করে রেল কর্মকর্তা-কর্মচারীদের ব্ল্যাকমেইল ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হচ্ছিল। মূলত রেলের ই-জিপি টেন্ডার ও কেনাকাটায় অনৈতিক সুবিধা না পেয়ে ক্ষুব্ধ হয়ে একটি চক্র এ ধরনের ন্যক্কারজনক সাইবার বুলিংয়ের পথ বেছে নেয়। সম্প্রতি এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ ও আইনি তোড়জোড় শুরু হলে রেল ভবনের উচ্চপর্যায়ের নির্দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রশাসনিক জিরো টলারেন্স নীতি ও আইনি তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত পেজটি ফেসবুক থেকে রিমুভ (মুছে ফেলতে) করতে বাধ্য হয় অপপ্রচারকারীরা।
ইতোমধ্যে এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় প্রধানের পক্ষে অফিস সহকারী আলী হোসেন বাদী হয়ে সৈয়দপুর থানায় ভুয়া পেজের লিংক, স্ক্রিনশট ও প্রয়োজনীয় প্রমাণসহ লিখিত অভিযোগ দায়ের করেছেন। পেজ রিমুভ হলেও জড়িতদের আইনি জালে টানতে তদন্ত অব্যাহত রয়েছে। রেল ভবনের উর্ধ্বোতন কর্তারা জানিয়েছেন, রেলে শৃঙ্খলা ফেরাতে ‘ক্লিন হার্ট’ বা শুদ্ধি অভিযান চলমান থাকবে এবং ব্ল্যাকমেইলকারী কোনো চক্রকেই ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, “আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের শনাক্ত করতে আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এআই দিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়ানো গুরুতর অপরাধ। দুষ্কৃতকারীরা পেজ ডিলিট করে পার পাবে না, খুব শিগগিরই তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখী করা হবে।
রেল প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং চক্রটির মূল হোতাদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার


